করোনায় ক্ষতি মোকাবিলা

৫০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা আইএমএফের

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কভিড-১৯) অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় জরুরিভাবে ৫০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফের যৌথ সংবাদ সম্মেলনে বুধবার আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা এ ঘোষণা দেন। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। নিম্ন আয় ও উদীয়মান দেশগুলো যাতে তাদের চাহিদার আলোকে দ্রুত অর্থ পেতে পারে, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ৫০ বিলিয়ন ডলারের মধ্যে ১০ বিলিয়ন ডলার দরিদ্র্য দেশগুলোকে বিনাসুদে জরুরিভাবে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে বিশ্বব্যাংক সদস্য দেশগুলোর জন্য ১২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। বিশ্বব্যাংক প্রকল্পে অর্থায়নের মাধ্যমে সহায়তা করলেও আইএমএফ মূলত সদস্য দেশগুলোর বহিঃবাণিজ্য এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্থিতিশীলতা রক্ষায় তহবিল দিয়ে সহায়তা করে থাকে।

করোনা ভাইরাসের ফলে আন্তর্জাতিক বাণিজ্য বড়ো বাধার মুখে পড়েছে। আইএমএফের এ অর্থায়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ সদস্য দেশগুলোর বাণিজ্য ভারসাম্য রক্ষা, তহবিল সংকট মোকাবিলা ছাড়াও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং মেডিক্যাল যন্ত্রপাতি সংগ্রহে সহায়তা করবে। ক্রিস্টালিনা জর্জিভা উল্লেখ করেন, বর্তমানে আইএমএফের ট্রিলিয়ন ডলার ঋণ দেওয়ার সক্ষমতা রয়েছে। আইএমএফের কর্মকর্তারা সদস্য দেশগুলোর আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এ পরিস্থিতিতে ভবিষ্যতে কী পরিমাণ অর্থায়ন প্রয়োজন হবে সে বিষয়গুলোও দেখছেন। আমাদের এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো অর্থনীতির অনিশ্চয়তা কাটানো।