শান্তিপূর্ণ সময়ে প্রশিক্ষণে নিয়োজিত থাকে সেনাবাহিনী ----------- সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘শান্তিপূর্ণ সময়ে সেনাবাহিনী প্রশিক্ষণে নিজেদেরকে নিয়োজিত রাখে। এ প্রশিক্ষণ শেষে ফলাফল হচ্ছে—ফায়ারিং দক্ষতা। যুদ্ধক্ষেত্রে আমরা যাতে ফায়ারিংয়ের দক্ষতা দিয়ে শত্রুর ওপরে আমাদের আধিপত্য অর্জন করতে সক্ষম হই। তাই আমরা এ ফায়ারিংকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। প্রত্যেকটি অনুশীলন যেন কার্যকরভাবে হয় সেদিকে নজর রাখি।’ গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন।

প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ৩৩ পদাতিক ডিভিশন দল রানারআপ হয়। সাত ডিভিশনের সৈনিক অসীম কুমার শর্মা শ্রেষ্ঠ এবং ১৯ ডিভিশনের সৈনিক মো. মেহেদী হাসান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। এসময় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস্ চৌধুরীসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।