১৯৭১ সালের ৭ মার্চ তত্কালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। ঐ ভাষণ সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়নি দাবি করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে নির্ভুলভাবে ঐতিহাসিক ঐ ভাষণ সংযোজনের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হবে।
গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন আইনজীবী সুবীর নন্দী দাস। তিনি বলেন, সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া ভাষণের সঙ্গে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সংরক্ষণ করা ভাষণের অনেক ক্ষেত্রে মিল নেই। প্রায় অর্ধশত শব্দ বাদ পড়েছে বা নতুন শব্দ যুক্ত হয়েছে। এজন্য নির্ভুলভাবে ভাষণটি যাতে অন্তর্ভুক্ত হয় সেজন্য আদালতে এ রিট করা হয়েছে।
রাজবাড়ীর রায়নগর গ্রামের কাশেদ আলী বাদী হয়ে হাইকোর্টে এ রিট করেন। রিটে সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভুলটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। পাশাপাশি সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণটি বাংলা এবং ইংরেজি ভাষায় অন্তর্ভুক্তি চাওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সচিব এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালকসহ চার জনকে বিবাদী করা হয়েছে রিটে।