চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, তিন উপজেলাকে মাদক মুক্ত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে সিংহ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। এ আসনে ৪৫ বছরে যে উন্নয়ন হয়নি তা আমি গত পাঁচ বছরে করেছি, যা আজ আপনাদের চোখে দৃশ্যমান।
ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে নির্বাচনী জনসভায় এমপি চৌধুরী নিক্সন এসব কথা বলেন।
তিনি বলেন, এ আসনে নিজেদের ভরাডুবি হওয়ার শংকায় ধানের শীষের প্রার্থী খন্দকার সেলিমকে সঙ্গে নিয়ে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি আপনাদের সন্তান। আমার বিশ্বাস ষড়যন্ত্রের জবাব আপনারা ভোটের মাধ্যমে দেবেন। আজ আপনাদের ভালোবাসা ও সিংহ প্রতীকের জনসমুদ্র দেখে আমার বুক ভরে গেছে। আসছে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট শেষ না হওয়া পর্যন্ত আপনারা এক একজন নিক্সন চৌধুরী হয়ে কেন্দ্র পাহারা দেবেন। আমি যতদিন বেঁচে আছি আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম, আছি, থাকব।
চরভদ্রাসন থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাস্টারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. শাহাদাত্ হোসেন ব্যাপারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. গোলাম রাব্বানী পান্নু কাজি, চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মাস্টার, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, জেলা মটর ওয়ার্কস ১০৫৫ ওয়ার্ড সভাপতি আবুল কালাম মাতুব্বর, সদরপুর আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোরাদ হোসেন চৌধুরী প্রমুখ। জনসভায় চরভদ্রাসন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. কামরুজ্জামান মোল্যা ও সদরপুরের সাধারণ সম্পাদক মো. আকাশের নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থক এমপি নিক্সন চৌধুরীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।