ভোলা-৩ আসন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত শাওন মাঠে নেই হাফিজ

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনে  শেষ সময়ের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। প্রতীক বরাদ্দ পাওয়া থেকে এখন পর্যন্ত বিরামহীন চলছে তার প্রচারণার কাজ। লালমোহন উপজেলার ৯টি এবং তজুমদ্দিন উপজেলার ৫টি ইউনিয়ন ছাড়াও শাওন নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য প্রচারণা চালিয়েছেন মেঘনার নদীর চরাঞ্চলে। তার এই প্রচারণায় বেশ সাড়া পড়েছে দলীয় কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে। সর্ব শেষ গত সোমবার তিনি নির্বাচনী প্রচারণা চালান, লালমোহন পৌর এলাকা ও উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে।

এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলেও এ আসনে নির্বাচনী প্রচারণায় এখনও নামেননি বিএনপি প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ। দলীয় প্রতীক বরাদ্দ পেয়েও এলাকায় ফিরেন অন্তত এক সপ্তাহ পর। গত ১৫ ডিসেম্বর নির্বাচনী এলাকা লালমোহনে গিয়ে একদিনের জন্যও তিনি নির্বাচনী প্রচারণায় নামেননি। করেননি কোনো সভা-সমাবেশ। সরকারের প্রতি বিভিন্ন অভিযোগ আপত্তি তুলে কেবলমাত্র একটি সংবাদ সম্মেলন করা ছাড়া দলীয় সমর্থকদের সাথে প্রকাশ্য কোনো কর্মকাণ্ড চালননি তিনি।

পরিচয় গোপন রেখে এলাকার বিএনপি সমর্থকদের মধ্যে অনেকে জানান, আওয়ামী লীগের শক্ত প্রার্থীর কাছে মেজর হাফিজের নির্বাচন করা এখন অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ৮ বছর এলাকায় না থাকায় অনেক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে। যার ফলে স্বল্পসংখ্যক নেতা-কর্মী নিয়ে নির্বাচনী মাঠে দাঁড়ানো তার জন্য অনেকটা দুস্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।