কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার প্রচার তুঙ্গে, মাঠে নেই ধানের শীষ

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নৌকার প্রচারে সরগরম হয়ে উঠেছে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফজাল হোসেন এমপি নির্বাচনী এলাকার ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন দিনরাত। তবে মাঠে দেখা যাচ্ছে না ধানের শীষের প্রার্থী মো. মজিবুর রহমান ইকবাল হোসেন ও তার সমর্থকদের।

স্থানীয়রা জানান, মনোনয়নপত্র পাওয়ার কয়েক দিন পর নির্বাচনী এলাকায় এসেছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও দলের প্রার্থী মো. মজিবুর রহমান ইকবাল হোসেন। উপজেলা বিএনপির নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে নির্বাচনী মাঠ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

আফজাল হোসেন বলেন, মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়। কিন্তু বিএনপি এর মধ্যে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুর তাণ্ডব চালিয়েছে। তারা নিজেরা মারামারি করেছে। তাই তারা এখন ভোটের মাঠে নেই। বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তার।  এ ব্যাপারে বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান ইকবাল হোসেন ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠুরসহ স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিকলী-বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসন ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. ফরিদ আহম্মদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খন্দকার মোছলেহ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রহীম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সেলিনা সুলতানা এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহ আলম।