মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১। ওটরা গ্রামের দরিদ্র মাঝি রহমত। তার ঘরে আটজন সদস্য। তাদের ভরণপোষণ রহমতের জন্য অসম্ভব। কেউ অসুস্থ হলে তার চিকিত্সা রহমত করতে পারে না। প্রতিবেশী ধনী ব্যক্তি মকসুদ খন্দকার ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার সময় রহমতের খোঁজ খবর নিল এবং কিছু সাহায্যও করেছিল। নির্বাচিত হয়ে চেয়ারম্যান মকসুদ খন্দকার প্রায়ই বাড়ির ভোজের আয়োজন করে। সে রিলিফ ও ত্রাণসামগ্রী আত্মসাত্ করে অর্থ বিত্তের পাহাড় গড়ে তোলে। কিন্তু এদিকে রহমতের পরিবার অনাহারে থাকে, সেদিকে চেয়ারম্যানের আদৌ খেয়াল নাই।
ক) কত সালে ওয়াটার লুর যুদ্ধ হয়? ১
খ) কেন কমলাকান্ত মার্জারের প্রতি পুরুষের ন্যায় আচরণ বিধেয় বলে মনে করল? ২
গ) উদ্দীপকের চেয়ারম্যান মকসুদ খন্দকারের ‘বিড়াল’ রচনার কোথায় মিলে যায়? ৩
ঘ) তুমি কি মনে কর, ‘বিড়াল’ রচনা ও উদ্দীপকের বক্তব্য অভিন্ন? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। ৪
২। তবু বড়ো বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পণের অঙ্কটাও বড়। শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে। বাবার বিশ্বাস ছিল, কন্যার পিতার সমস্ত টাকা ভাবী জামাতার ভবিষ্যতের গর্ভ পূরণ করিয়া তুলিতেছে।
ক) মামা কোন পুল পার হন নাই? ১
খ) “আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি”-উক্তিটি বুঝিয়ে বল। ২
গ) উদ্দীপকের পিতার মনোভাবের সাথে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মামা চরিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধর। ৩
ঘ) “উদ্দীপক ও ‘অপরিচিতা’ গল্প খানিকটা এক রকম বটে, সবটুকু নয়।”-মন্তব্যটি বিচার কর। ৪
৩। তুমি আসবে বলে, হে স্বাধীনতা
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসির।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিত্কার করতে করতে।
ক) ফেব্রুয়ারির কত তারিখে বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার হয়? ১
খ) “যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে।” বঙ্গবন্ধুর এই কথা বলার কারণ কী? ২
গ) উদ্দীপকের শেষ দুই চরণে ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় কাদের ইঙ্গিত দেয়া হয়েছে? ৩
ঘ) উদ্দীপকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার মূল সুর একই ধারায় প্রবাহিত-মন্তব্যটি যাচাই কর। ৪
৪। চীন দেশের ধনাঢ্য রাজা চুয়াং তার সব বিলাস বাসনা পূরণ করতেন। সত্তর জন ছিল তার সেবাদাসী। দামি সব আসবাবপত্রে তার প্রাসাদ সব সময় নতুন হয়েই থাকত। তারপরও চুয়াং নিজেকে কখনো সুখী ভাবতে পারতেন না। অবশেষে অতৃপ্ত রাজা ভাইকে রাজত্ব দিয়ে রাণিকে নিয়ে বনে চলে গেলেন। প্রকৃতির পরশে চুয়াং প্রশান্তি খুঁজে পান।
ক) ‘বল নাচ’ কী? ১
খ) লোইসেলের মুখ ম্লান হয়ে গিয়েছিল কেন? ২
গ) উদ্দীপকের রাজার সাথে ‘নেকলেস’ গল্পের লোইসেলের অমিলের দিকটি ব্যাখ্যা কর। ৩
ঘ) “সুখের সবচেয়ে গোপন গুঢ় তথ্যই হলো ত্যাগ।”-উক্তিটি চুয়াং ও মাদাম লোইসেলের মধ্যে কতটুকু প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর। ৪
খ-অংশ: কবিতা
৫। ওরা চিরকাল
টানে দাঁড়, ধরে থাকে হাল।
ওরা মাঠে মাঠে
বীজ বোনে, পাকা ধান কাটে
ওরা কাজ করে
নগরে প্রান্তরে।
ক) রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত কবিতা ‘ঐকতান’? ১
খ) কারা নত শিরে স্তব্ধ বিশ্বের সম্মুখে? ২
গ) উদ্দীপকে ‘ঐকতান’ কবিতার কোন বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে?
ব্যাখ্যা কর। ৩
ঘ) “উদ্দীপকে ঐকতান কবিতার সমগ্র দিক ন্যস্ত নয়।” মন্তব্যটির প্রাসঙ্গিকতা বর্ণনা কর। ৪
৬। কল্যাণীর ধারাবাহী যে মাধুরী বাংলা ভাষায় গড়েছে আত্মীয় পল্লী, যমুনা পদ্মার তীরে তীরে রূপোলি জলের ধারে, আম-জাম-নারকেল ঘেরা আমন ধানের খেতে শ্রুতিময় তারি অন্তর্লগন বাণী শোন প্রাত্যহিক বহু মিশ্র প্রাণের সংসারে সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী কোরানে পুরাণে শিল্পে, পালা পার্বণের তাকে তোলে আউল বাউল নাচে।
ক) ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কয়টি নদীর নাম আছে? ১
খ) “সেখানে শঙ্খচিল পানের বনের মতো হওয়ায় চঞ্চল।”-কীভাবে? ২
গ) ‘এই পৃথিবীতে এক স্থান আছে’-কবিতার সাথে উদ্দীপকের কোথায় মিল রয়েছে? বুঝিয়ে লেখ। ৩
ঘ) “এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটি বিশেষ বিষয়ের সূক্ষ্মাণুভূতির রূপান্তর আর উদ্দীপকটি সেই চেতনার বিবরণ।” মন্তব্যটি বিশ্লেষণ কর। ৪
৭। বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের মাঝে অধিকারের চেতনা সঞ্চার করেছে। ছেষট্টির ৬ দফা পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি উপস্থাপন করেছে। উনসত্তরে ষড়যন্ত্র, নির্যাতনের প্রতিবাদে অধিকার আদায়ে বিভেদ ভুলে সম্মিলিতভাবে জেগে উঠেছে। সত্তরে ব্যালটে পেয়েছি তারই জয়। সবকিছুতে একুশ থেকে একুশ আমাদের মাঝে আজও জেগে রয়।
ক) কী তছনছ হচ্ছে? ১
খ) সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা এ চরণের তাত্পর্য কী? ২
গ) উদ্দীপক ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ভাষা আন্দোলন কীভাবে রূপায়িত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) “উদ্দীপক ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার সার সংক্ষেপ।”-কবিতা ও উদ্দীপক আলোচনা করে এ কথা বুঝিয়ে দাও। ৪