বিনোদন রিপোর্ট
ক্যান্সার নিয়ে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিত্সাধীন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।
গতবছরের সেপ্টেম্বরের মাঝামাঝি তার শরীরে ক্যান্সার ধরা পড়ার পর থেকেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন তিনি। প্রায় ৬ মাস ধরে চলা চিকিত্সায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তার শিষ্য মোমিন বিশ্বাস। মোমিন বলেন, ‘এই মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন ফিরবেন। তবে চিকিত্সকরা নির্দিষ্ট কোনো তারিখ এখনও বলেননি।’ দেশে ফেরার পরও তার চিকিত্সা কার্যক্রম চলবে, তাকে আবার কবে সিঙ্গাপুরে যেতে হবে তা এখনও নিশ্চিত করে জানাননি।
১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করা এন্ড্রু কিশোর ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যেখানে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন শ্রোতাদের।