g বিনোদন ডেস্ক
অভিনয়ের জন্য বিভিন্ন রূপে নিজেকে প্রস্তুত করার জন্য চেহারা বা শরীরের গঠন পাল্টাতে হয়। বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি এমন এক প্রসঙ্গে খবরের শিরোনামে এলেন। এ বছর ২০ জুন মুক্তি পেতে চলেছে কঙ্গনার ছবি ‘থালাইভি’। যেখানে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। যে ছবিটির জন্য ওজন কমানো নয়, উল্টো ওজন বাড়ানোর প্রয়োজন ছিল কঙ্গনার। তিনি বলেন, ‘সিনেমাটির জন্য ২০ কেজি ওজন বাড়াতে হয়েছে। চরিত্রের জন্য অন্যান্য প্রস্তুতির চেয়ে ওজন বাড়ানো বা কমনো একটু কঠিন। এর পেছনে অনেকটা সময় দিতে হয়। এখন আবার এই ওজন কমাতে হচ্ছে।’ ‘থালাইভি’ সিনেমার শেষ মুহূর্তের কাজ বাকি। আবার দু-মাস পরেই শুরু হবে ‘ধাকড়’-এর শুটিং। যার জন্য আবার কঙ্গনাকে ২০ কেজি ওজন ঝরিয়ে ফেলতেও হবে। এবার দেখা যাক, কঙ্গনার মুখের অবস্থা ঠিক কী হতে চলেছে। একটা ছবিতে কঙ্গনার থালাইভি চেহারা দেখা যাচ্ছে। অন্যটিতে আবার দেখা যাবে কঙ্গনার সেই গ্ল্যামারাস লুক। রঙ্গোলির শেয়ার করা কঙ্গনার দুই রকম ছবির একটিতে তার থালাইভি লুক, অন্যটিতে তার মডেলিংয়ের লুক দেখা যাচ্ছে।
কঙ্গনা নিজেও তার জিমের ট্রেনার যোগেশের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, তার ওজন বেড়ে প্রায় ৭১ কেজি হয়ে গিয়েছে। কঙ্গনার কথায়, তার ওজন ছিল ৫২। তবে কঙ্গনার জিম ট্রেনার তাকে কথাও দিচ্ছেন ২ মাসে তিনি আবারও তার পরবর্তী ছবির জন্য ওজন কমিয়েও নিতে পারবেন।