যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই ভাইরাসের কারণে যুক্তরাজ্যে প্রথম মৃত্যুর খবর জানা গেছে। ইতালিতে নতুন করে প্রাণ হারিয়েছেন ৪১ জন, যা নিয়ে দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।
ইউরোপের দেশগুলোর মধ্যে নতুন এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালিতে একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৯ থেকে ৩ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে। নভেল করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য বেড়েছে জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে। দেশটিতে এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে নভেল করোনা ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। নতুন ৩০ জনের এই ভাইরাস সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে। আর নেদারল্যান্ডসে বৃহস্পতিবার নতুন ৪৪ জনের নভেল করোনা ভাইরাস ধরা পড়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে ৮২ জনে দাঁড়িয়েছে।
এদিকে ফ্রান্সে করোনা ভাইরাসে আরো দুজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে। স্পেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জনে, তাদের মধ্যে তিন শিশুও রয়েছে। রাজধানী স্টকহোমে নতুন করে ১৬ জনের এই ভাইরাস সংক্রমণ ধরা পড়ায় সুইডেনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। খবর বিবিসি ও সিএনএনের।
যুক্তরাষ্ট্রের ১৫ অঙ্গরাজ্যে ছড়িয়েছে নভেল করোনা ভাইরাস, দেশটিতে এ রোগে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। করোনা ভাইরাস নিয়ে সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপান থেকে ফিরিয়ে নেওয়া প্রমোদতরি ডায়মন্ড প্রিন্সেসের ৪৬ যাত্রী এবং চীনের উহান থেকে ফিরিয়ে নেওয়া তিন জন মিলিয়ে ৪৯ জনের নভেল করোনা ভাইরাস ধরা পড়েছে। এর বাইরে ১৬ স্টেটে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার-সিডিসি বৃহস্পতিবার পর্যন্ত ১৪৯ জনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার তথ্য জানিয়েছে।
সবচেয়ে বেশি নভেল করোনা ভাইরাস ধরা পড়েছে ওয়াশিংটন স্টেটে ৪০ জনের (মৃত্যু ১০), ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ৩৬ (মৃত্যু এক), নিউ ইয়র্কে আক্রান্ত ১৩, অ্যারিজোনায় আক্রান্ত দুই, ফ্লোরিডায় তিন, জর্জিয়ায় দুই, ইলিনয়ে চার, ম্যাসাচুসেটসে দুই, নিউ হ্যাম্পশায়ারে দুই, নিউ জার্সিতে এক, নর্থ ক্যারোলাইনায় এক, অরেগনে তিন, রোড আইল্যান্ডে দুই, উইসকনসিনে এক, টেক্সাসে এক এবং টেনেসিতে একজন আক্রান্ত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার আর পাঁচ জনের মৃত্যু এবং নতুন করে ৭৬০ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮ জন, আর মৃতের সংখ্যা হয়েছে ৩৭। জাপানে নতুন রোগী ৩৬ জন, মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। নভেল করোনা ভাইরাসের উত্সস্থল উহানে আবার নতুন রোগীর সংখ্যা বেড়েছে। চীনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজারের উপরে।