রয়টার্স
দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কার পর এবার ভুটানেও হানা দিয়েছে নভেল করোনা ভাইরাস। শুক্রবার দেশটিতে প্রথমবার এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর পরপরই সতর্কতামূলকভাবে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৯ বছর বয়সি ওই করোনা রোগী মার্কিন নাগরিক। তিনি গত ২ মার্চ ভারত থেকে বিমানযোগে ভুটান পৌঁছান। শুক্রবার তার শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। তাকে থিম্পুর একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ভুটান সরকার আগামী দুই সপ্তাহের জন্য সব ধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্ত তাত্ক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। একই সঙ্গে, দেশটিতে অন্তত দুই সপ্তাহের জন্য বেশ কয়েকটি স্কুল বন্ধ ও আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করা হয়েছে।
এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণ করা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জন। এছাড়া পাকিস্তানে পাঁচ জন এবং আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় এক জন করে করোনায় আক্রান্ত হয়েছে।
বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯৮ হাজার মানুষ, প্রাণ হারিয়েছে ৩ হাজার ৩৮৩ জন। আর ৫৫ হাজার ১৮৯ জন কোভিড-১৯ রোগী চিকিত্সার মাধ্যমে সুস্থ হয়ে বাসায় ফিরেছে।