রয়টার্স
সিরিয়ার ইদলিবে রাশিয়া সমর্থিত বাশার আল আসাদের বাহিনী ও তুর্কি বাহিনীর মধ্যে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে মস্কো ও আঙ্কারা। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পুতিন ও এরদোয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গেলেও সিরিয়ায় তারাবিরোধী পক্ষে অবস্থান করছেন। ২০১৫ সাল থেকে রাশিয়া মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং অন্যান্য বিরোধীর বিরুদ্ধে লড়াইয়ে বাশার আল আসাদের বাহিনীকে সক্রিয় সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে তুরস্কের সমর্থন আসাদবিরোধীদের প্রতি। কয়েক মাস ধরে ইদলিবে এই দুই পক্ষ মুখোমুখি হয়ে আছে। আসাদ বাহিনীর বিমান হামলায় সম্প্রতি এক দিনেই তুরস্কের ৩৪ সেনা নিহত হয়েছে। আঙ্কারাও এরপর আসাদ বাহিনীর বিভিন্ন স্থাপনায় টানা হামলা চালাতে থাকে। দুই পক্ষের সংঘাত এরইমধ্যে সিরিয়ার এ উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের লাখ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে। ‘আশা করছি এই চুক্তি ইদলিবে সামরিক কর্মকাণ্ড বন্ধে, উত্তেজনা প্রশমনে এবং শান্তিকামী জনগণের দুর্ভোগ ও মানবিক সংকট কমাতে ভূমিকা রাখবে,’ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তাকে পাশে নিয়ে বলেছেন পুতিন।
০