চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় পৌরশহরের সব ধরনের বর্জ্য ব্রিজ ঘাট এলাকায় কপোতাক্ষ নদের পানিতে ফেলা হচ্ছে। প্রশাসন বলছেন, বারবার নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না ময়লা ফেলা। শিগগির কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, শহরের পানি নিষ্কাশনের জন্য পৌরসভা ড্রেনগুলোতে বিভিন্ন স্থানে সরাসরি মলমূত্রের লাইন সংযোগ দেওয়া হয়েছে। ফলে মানববর্জ্য ড্রেন দিয়ে সরাসরি নদে পড়ছে। শহরে অবস্থিত ক্লিনিক, কল-কারখানসহ হাটাবাজারের সৃষ্ট বর্জ্য-আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। যে কারণে হুমকির মুখে পড়েছে নদের জীববৈচিত্র্য। এ ব্যাপারে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদত্ হোসেন বলেন, যে নদের পানি এক সময় মানুষ পান করতেন, অজু-গোসল, জামা-কাপড় পরিষ্কার ও রান্নার কাজে ব্যবহার করতেন, সেই নদ এখন ময়লার ভাগাড়! ময়লা অপসরণে পদক্ষেপ না নিলে হারিয়ে যাবে কপোতাক্ষ নদ। চৌগাছা পৌর মেয়র নুর-উদ্দীন আল মামুন হিমেল বলেন, ময়লা ফেলার ভাগাড় না থাকায় কপোতাক্ষ নদের ব্রিজ ঘাট এলাকায় ময়লা ফেলছে। শিগগির ময়লা ফেলার জন্য নতুন স্থান তৈরির করা হবে। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে নদের অবৈধ পাটাতন ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অতিদ্রুত ময়লার ভাগাড় স্থানান্তর করার ব্যবস্থা করা হবে।