তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
চিকিত্সক সংকটে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত চিকিত্সাসেবা পাচ্ছেন না রোগীরা। ডাক্তারদের জন্য আবাসিক ভবন থাকলেও সেখানে একজন ডাক্তারও থাকেন না। কিছু কর্মচারী সেখানে থাকেন। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি চিকিত্সাসেবা। এখানে দিন-রাত ডাক্তার থাকার কথা থাকলেও পাওয়া যায় না। সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকদের বিভিন্ন কক্ষ তালাবদ্ধ। এ সময় চিকিত্সা নিতে আসা ঘনিরামপুর গ্রামের জিকরুল, লুতু ছামিউল ও রামপুরা গ্রামের মনির শাহ, সমবারু, লক্ষ্মীপুর গ্রামের নাজু শাহ, জালালসহ কয়েক জন জানান, তারাগঞ্জ উপজেলার এই হাসপাতালটিতে কোনো ডাক্তার তো থাকেন না। শুধু বড়ো বড়ো দালানগুলো দাঁড়িয়ে আছে। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা দিতে ডাক্তার-নার্সদের কর্মস্থলে থাকার নির্দেশ দিলেও এখানে তা মানা হচ্ছে না। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তফা জামান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি অবকাঠামো ও প্রশাসনিকভাবে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করলেও সেই অনুযায়ী ডাক্তারসহ জনবল নেই। এখানে ১৫ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র সাত জন। তবে আবাসিক ভবনে ডাক্তার না থাকলেও দায়িত্ব অনুযায়ী জরুরি বিভাগে ২৪ ঘণ্টাই একজন এমবিবিএস ডাক্তার কর্মরত থাকেন বলে তিনি দাবি করেন।