কক্সবাজারে লবণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে ----- শিল্পমন্ত্রী

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রান্তিক লবণ চাষিদের বাঁচিয়ে রাখা সরকারের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, শুধু বড়ো ব্যবসায়ীদের স্বার্থ দেখলে হবে না, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হবে। প্রয়োজনে চাষিদের ভর্তুকি দেওয়া হবে। ন্যায্যমূল্য নিশ্চিতে, প্রকৃত লবণ চাষিদের চিহ্নিত করে বিসিকের মাধ্যমে লবণ মজুত করা হবে।

শুক্রবার দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত লবণচাষি সমাবেশে মন্ত্রী এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, চকরিয়ায় আমার লবণ চাষের জমি রয়েছে। আমিও লবণচাষি হিসেবে চাষিদের কষ্ট সম্পর্কে জানি। দীর্ঘদিন থেকে ঘোষণা হয়ে আসছে, লবণকে শিল্পপণ্য হিসেবে তালিকাভুক্তির। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে লবণের ন্যায্যমূল্য নিশ্চিতে উপযোগিতা যাচাই-বাছাইসহ কক্সবাজারে লবণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে। শিল্পমন্ত্রী বলেন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়ে বসবে সরকার। ব্যবসায়ীদের সঙ্গে বসে চাষিদের স্বার্থ রক্ষায় যা করণীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও উপপ্রচার সম্পাদক এম এ মনজুরের সঞ্চালনায় লবণ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিমসহ আরো অনেকে।

এ সময় জেলা উপজেলার বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দসহ হাজারো লবণচাষি উপস্থিত ছিলেন।