আগৈলঝাড়ায় পুলিশের বাড়িতে ডাকাতি

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ্য দিবালোকে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে তার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

জানা গেছে, আগৈলঝাড়া থানায় কর্মরত ইমরান হোসেনের ফুল্লশ্রী এলাকায় ভাড়া বাসায় ঘরে প্রবেশ করে বাকপ্রতিবন্ধী মা ও তার শিশুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই থানা অফিসার ওসিসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে। অনুসন্ধান করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।