বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একমাত্র মেডিক্যাল সেন্টারে তিন মাস ধরে ডাক্তার না থাকায় বন্ধ হয়ে গেছে চিকিত্সাসেবা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, বিশ্ববিদ্যালয়টিতে ১২ হাজার শিক্ষার্থী, তিনশত শিক্ষক এবং ১ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর চিকিত্সাসেবার জন্য মাত্র দুই জন ডাক্তার ও পাঁচ জন কর্মচারী নিয়ে একটি মেডিকেল সেন্টার চালু ছিল। কিন্তু দুই জন ডাক্তার তিন মাস আগে পদত্যাগ করলে সেখানে নতুন করে কোনো ডাক্তার নিয়োগ দেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী সোহেলী শারমিন বলেন, আমি কয়েক দিন ধরে ঠাণ্ডা-জ্বরে ভুগছি। মেডিক্যাল সেন্টারে গিয়ে দেখি কোনো ডাক্তার নেই ওষুধ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক মেডিক্যাল সেন্টারে কর্মরত একজন বলেন, আমরা চাইলেও কারও চিকিত্সা করতে পারি না। ফলে আমাদের কোনো কাজ ছাড়াই বসে থাকতে হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ডাক্তারের প্রয়োজনীয়তা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যাসহ সবই উপলব্ধি করতে পারছি। কিন্তু চলতি উপাচার্য হিসেবে আমার পক্ষে নতুন ডাক্তার নিয়োগ দেওয়া সম্ভব নয়। তবে আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানিয়েছি।