ডুমুরিয়ায় গতিরোধক নির্মাণের দাবি

হাজীগঞ্জ-গৌরীপুর-কচুয়া মহাসড়ক

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জ-গৌরীপুর ভায়া কচুয়া আঞ্চলিক সড়ক হিসেবে খুবই ব্যস্ত। এ সড়কের কচুয়া উপজেলাধীন ডুমুরিয়া গ্রাম অংশে সড়কের পাশে অবস্থিত ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা ও ৬৩ নম্বর দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠান দুটি পাশাপাশি অবস্থিত। এছাড়াও এ এলাকায় রয়েছে ইক্রা মডেল কিন্ডার গার্টেন। উক্ত প্রতিষ্ঠানগুলোর পার্শ্ব সড়কে কোনো গতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় দুর্ঘটনার ঝুঁকিতে শত শত শিক্ষার্থী। মাদ্রাসার অধ্যক্ষ ইশতিয়াক আহমেদ জানান, সড়কটিতে অনেক গাড়ি চলাচল করে। যার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে এ পর্যন্ত মাদ্রাসার কয়েক জন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। এ স্থানে স্পিড ব্রেকার নির্মাণের ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল চাঁদপুরের জেলা প্রশাসকের নিকট ও গত মাসের ১৬ তারিখে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানানো হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আফরোজ জানান, ২০/২১ দিন পূর্বে জয় নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী সিএনজির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়েছে। সম্প্রতি ইক্রা মডেলের এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।