এবার তামিম-লিটনের রেকর্ড জুটি

লিটন ভাঙলেন তামিমের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সেই ১৯৯৯ সালের ঘটনা। বাংলাদেশ তখন আন্তর্জাতিক ক্রিকেটে নবীশ মাত্র; তখনো টেস্ট খেলা শুরু করেনি তারা। সেই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডটা করেছিলেন তারা। তারপর বাংলাদেশের প্রায় সব রেকর্ড নতুন করে লেখা হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত অটুট ছিল মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুতের করা উদ্বোধনী জুটির রেকর্ড। গতকাল, ২১ বছর পর সেই জুটিকেই দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটির রেকর্ড করলেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস।

শুধু উদ্বোধনী জুটির রেকর্ড হলো, তাই নয়। যে কোনো জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান এখন এই তামিম ও লিটনের। এর আগে সর্বোচ্চ ২২৪ রান ছিল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর। সেই সঙ্গে মাত্র আগের ম্যাচেই তামিম ইকবালের করা সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভেঙে দিলেন লিটন। লিটন আউট হলেন ১৪৩ বলে ১৭৬ রান করে। তামিম ১০৯ বলে ১২৮ রান করে অপরাজিত রইলেন।

এই সিরিজটাই বাংলাদেশের দুই ওপেনারের। প্রথম ম্যাচে ডাকসাইটে এক সেঞ্চুরি করেছেন লিটন দাস। দ্বিতীয় ম্যাচে তাকে ছাপিয়ে গিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটা নতুন করে খেলেছেন তামিম ইকবাল। গতকাল দুই জন একসঙ্গে জ্বলে উঠলেন। ফলে দেখা গেল বাংলাদেশের ইতিহাসের সেরা উদ্বোধনী জুটির।

এই নিয়ে ২০ বার বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানরা শত রানের জুটি করলেন। এর ১১টিতেই শরিক ছিলেন তামিম ইকবাল। লিটন দাসের সঙ্গে তামিমের এটা দ্বিতীয় শতরানের উদ্বোধনী জুটি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে ১১৭ রান করেছিলেন তারা। লিটন এই নিয়ে তৃতীয়বার প্রথম উইকেটে শতরানের জুটির অংশীদার হলেন।

এটা বাংলাদেশের প্রথম ২০০ রানের জুটি। বিশ্বের ১২তম উদ্বোধনী জুটি হিসেবে ২৫০ রান পার করলেন তামিম ও লিটন। প্রথম উইকেট জুটিতে এটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ স্কোর। এটা নিয়ে বাংলাদেশ পঞ্চম বারের মতো উদ্বোধনী জুটিতে ১৫০-এর বেশি রান দেখল। সর্বশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম ও সৌম্য সরকার ১৫৪ রান করেছিলেন।

বাংলাদেশের প্রথম শতরানের উদ্বোধনী জুটি হয়েছিল সেই ১৯৯৮ সালে। আতাহার আলী খান ও মোহাম্মদ রফিক কেনিয়ার বিপক্ষে হায়দারাবাদে ১৩৭ রানের জুটি করেছিলেন। রফিক ৭৭ ও আতাহার ৪৭ রান করেছিলেন। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০ রানের দীর্ঘস্থায়ী রেকর্ড জুটি করলেন অপি-বিদ্যুত্। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন মেহরাব হোসেন অপি। আউট হওয়ার আগে ১১৬ বলে ১০১ রান করেছিলেন। দুই ম্যাচ আগেই প্রথম সেঞ্চুরিয়ান হয়ে যেতে পারতেন বিদ্যুত্। কেনিয়ার বিপক্ষে ৯৫ রান করা বিদ্যুত্ এই ১৭০ রানের জুটির পথে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন।

বাংলাদেশ সবচেয়ে বেশি ১০০ রানের উদ্বোধনী জুটির দেখা পেয়েছে ২০১৪ ও ২০১৫ সালে। এই দুই বছরে ৬টি ১০০ রানের উদ্বোধনী জুটি হয়েছে; ২০১৫ সালেই হয়েছে ৪টি। ২০১৬ সালের পর থেকে গতকালকের আগ পর্যন্ত ৪ বছরে ৪টি মাত্র ১০০ রানের উদ্বোধনী জুটি হয়েছে। মানে, মাঝে বাংলাদেশ লম্বা একটা সময় ভালো উদ্বোধনী জুটি পাচ্ছিল না বাংলাদেশ।

গতকাল পঞ্চাশ পার হয়ে মাঝে একটু ধীরগতির হয়ে যাওয়া লিটন দাশ ১১৪ বলে সেঞ্চুরি করেন। তামিম সেঞ্চুরি করলেন ৯৮ বলে। এই প্রথম বাংলাদেশের দুই ওপেনার একসঙ্গে সেঞ্চুরির দেখা পেলেন।

উদ্বোধনী জুটিতে

বাংলাদেশের সেরা

রান   ব্যাটসম্যান      প্রতিপক্ষ     সাল

২৯২    তামিম-লিটন         জিম্বাবুয়ে     ২০২০

১৭০   অপি-বিদ্যুত্         জিম্বাবুয়ে      ১৯৯৯

১৫৮   এনামুল-তামিম      জিম্বাবুয়ে     ২০১৪

১৫৪   সৌম্য-তামিম        দ. আফ্রিকা   ২০১৫

১৫০   এনামুল-ইমরুল     পাকিস্তান     ২০১৪