ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার

ভালো খেলেও ম্যাচ জিততে পারছে না ব্রাদার্স ইউনিয়ন। আগের ম্যাচগুলোতে গোল হজম করেও গোল করেছিল ব্রাদার্স। আর গতকাল গোল করেও জিততে পারেনি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ১-১ গোলে ড্র করেছে পুলিশ এফসি দলের বিপক্ষে। অষ্টম মিনিটে সেটপিস থেকে উজবেক ফুটবলার ওতাবেক দর্শনীয় শটে গোল করেছেন ১-০। যেন বলে কয়ে গোল করলেন এই ওতাবেক। প্রতি ম্যাচেই গোল করছেন। পিছিয়ে থাকলেও ম্যাচে ফেরার গোলও করেছেন। তারপরও ব্রাদার্স ম্যাচ জিততে পারছে না। ম্যাচ জেতার সুযোগ পেয়েও নিতে পারেনি ব্রাদার্স। কাল সুযোগ পেলেও সেটা নষ্ট হয়ে গেছে ডিফেন্ডারদের ভুলে। গোল করে খুব বেশি সময় রাখতে পারেনি ব্রাদার্স। পুলিশের বাবলু গোল শোধ দিয়েছেন ব্রাদার্সের অগোছালো ডিফেন্সের ভুলে ১-১।

ব্রাদার্স যেন ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হারের পর শেখ রাসেল এবং আবাহনীর বিপক্ষে ড্র করেছিল। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরার বিপক্ষে লড়াই করেও ৩-২ গোলে হেরেছিল। কাল আবার ড্রয়ে আটকে গেল। পাঁচ ম্যাচেও জয়ের দেখা পেল না। পাঁচ খেলায় ব্রাদার্সের চার পয়েন্ট।

পেশাদার  লিগের নবাগত দল পুলিশ এফসি চার ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়েছে। জয় আছে একটি, দুর্বল উত্তর বারিধারার বিপক্ষে। বড়ো বাজেটের এই দলটা সেভাবে প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছে না। কাল

ব্রাদার্সের বিপক্ষে পুলিশ যেকয়টি সুযোগ পেয়েছিল তারচেয়েও ব্রাদার্সের আক্রমণগুলো ছিল ধারাল। বিশেষ করে ব্রাদার্সের ওতাবেকের আক্রমণগুলো ছিল দেখার মতো। তার শট পুলিশের ক্রসপিসে লেগে ফিরে আসে। গোলকিপার সাইফুল ইসলাম খান সেভ দিয়েছেন।

আজকের খেলা

আবাহনী ও চট্টগ্রাম আবাহনী (৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম)। সাইফ স্পোর্টিং ও শেখ জামাল। (৩টা ১৫, ময়মনসিংহ), মোহামেডান ও বসুন্ধরা কিংস (৩টা ১৫, কুমিল্লা), শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা (৬টা ৩০, সিলেট)।