সমাধানের চেষ্টা কোচ সেতিয়েনের
স্পোর্টস ডেস্ক
দুঃসময় যেন কাটছেই না বার্সেলোনার। সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করা দিয়ে বছর শুরু করে দলটি। এরপর ক্রীড়া ব্যবস্থাপক এরিক আবিদালের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন লিওনেল মেসিরা। সে বিবাদের রেশ না মিটতেই এবার সহকারী কোচ এডের সারাবিয়ার ব্যাপারে খেলোয়াড়দের বিরূপ মনোভাব দলটিতে বড়ো সংঘাতেরই ইঙ্গিত দিচ্ছে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় ফরোয়ার্ড আন্তনিও গ্রিজমানের বেশ কিছু সুযোগ নষ্ট করায় চটেছিলেন কোচ কিকে সেতিয়েনের সহকারী এডের। তার করা মন্তব্য গণমাধ্যমে এলে খেলোয়াড়দের একাংশ বিরূপ প্রতিক্রিয়া দেখান, যা অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তবে কোচ কিকে সেতিয়েন সম্প্র্রতি সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি আয়ত্বে আনতে চেষ্টা চলছে। তিনি বলেন, ‘অবশ্যই আমরা কথা বলেছি। সেও (এডের) এ ব্যাপারে চিন্তিত। এটা এমন এক ব্যাপার যেখানে আমাদের নিজেদের উন্নতি করতে হবে। একটা সমাধান খুঁজতে হবে এবং সে এজন্যে কাজও করছে।’
বার্সা কোচ আরো জানান এজন্যে তারা ক্ষমাও চেয়েছেন! সেতিয়েনের ভাষ্য, ‘আমরা ইতিমধ্যেই ক্ষমা চেয়েছি। বিশেষ করে আমি কেননা দিনশেষে এটা আমারই দোষ। এসব ব্যাপার আমারই নিয়ন্ত্রণ করা উচিত।’
ক্লাবে এমন সব ঘটনা প্রভাব ফেলছে সাবেক রিয়াল বেতিস কোচের মনেও। সেতিয়েন বললেন, ‘এই অবস্থাটা আমাকে বেশ নাড়িয়ে দিয়েছে। এটা এমন একটা ব্যাপার যা আমাকে বেশ চিন্তিত করে। আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ ব্যাপারটা।’
তবে এ নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে অতি সমালোচনায় কিছুটা বিরক্ত বার্সেলোনা কোচ। তিনি বলেন, ‘বাজে খেলোয়াড় বদল কিংবা বাজে পারফরম্যান্সের জন্যে সমালোচিত হওয়াটা ঠিক আছে। আচরণের জন্যে নয়।’
আচরণ নিয়ে সমালোচিত হলেও সহকারী এডের সারাবিয়াকে এখনো ভালো চোখেই দেখছেন সেতিয়েন। প্রায় পাঁচ বছর ধরে থাকা সহকারীর ব্যাপারে বার্সা কোচের মূল্যায়ন, ‘এডের ভালো মানসিকতাসম্পন্ন কোচ, যা অনেক কিছুর জন্যেই ভালো ব্যাপার। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তার।’
তিনি আরো যোগ করেন, ‘সে এ নিয়ে কাজ করছে। কারণ অতীতেও এমন পরিস্থিতিতে পড়েছিলাম আমরা। সে এখনো তরুণ, খুবই আবেগপ্রবণ। তার প্রচুর প্রাণশক্তি আছে, যা অনেক ক্ষেত্রেই খুব ইতিবাচক। তবে এখন আমরা এমন এক ক্লাবের বেঞ্চে আছি যেখানে আপনার ব্যবহারে কোনো খুঁত থাকা চলবে না।’