স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের ডান পায়ের অস্ত্রোপচার যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পন্ন হয়েছে। গতকাল রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে ব্যাপারটি নিশ্চিত করে।
গেল গ্রীষ্মকালীন দলবদলে ১০০ মিলিয়ন ইউরো দলবদল অর্থ পরিশোধ করে চেলসি থেকে বেলজিয়ান তারকাকে দলে ভিড়িয়েছিল রিয়াল। তবে এরপর থেকে চোটের কারণে একটা বড়ো সময় ধরে তাকে পায়নি স্প্যানিশ দলটি।
গত নভেম্বরে পিএসজির বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন হ্যাজার্ড, পরে এই চোটের কারণেই প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি। জানুয়ারির শেষ দিকে মাঠে ফিরলেও সেই একই চোট গত ২৩ ফেব্রুয়ারি আবারও ছিটকে দেয় তাকে।
গতকাল শুক্রবার ডান পায়ের চোট সারাতে অস্ত্রোপচারের ছুরির নিচে যেতে হয় তাকে। অস্ত্রোপচারটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়ে রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে বলা হয়, এখন থেকে পুনর্বাসনের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত হ্যাজার্ডকে মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রাখা হবে।
চলমান এ চোট হ্যাজার্ডের মৌসুমটাই শেষ করে দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হ্যাজার্ডের জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ আসছে ইউরোয় তাকে দলে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন সপ্তাহখানেক আগে। উল্লেখ্য, চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ১৫ ম্যাচ খেলা হ্যাজার্ড গোল পেয়েছেন মাত্র একটি!্ন