স্প্যানিশ কাপে অল বাস্ক ফাইনাল

কোপা দেল রের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে স্পেনের বাস্ক অঞ্চলের দুই দল অ্যাথলেটিক বিলবাও আর রিয়াল সোসিয়েদাদ। প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে যথাক্রমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে বিদায় করা দল দুটো সেমিফাইনালে হারায় মিরান্দেস ও গ্রানাদাকে। ঘরের মাঠে মিরান্দেসের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সোসিয়েদাদ বুধবার রাতে দ্বিতীয় লেগে জেতে ১-০ গোলে। এদিকে বিলবাও আগের লেগে ১-০ ব্যবধানে জেতার পর গত বৃহস্পতিবার রাতে গ্রানাদার মাঠে ২-১ ব্যবধানে হারে। ‘অ্যাওয়ে গোল’ নিয়মে ফাইনালের টিকিট পায় দলটি। ১৮ এপ্রিল শিরোপার লড়াইয়ে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল। তবে ইতিহাসে এটিই প্রথম অল বাস্ক ফাইনাল নয়। এর আগে ১৯১০, ১৯১৩ আর ১৯২৭ সালে ফাইনাল খেলেছিল অঞ্চলটির দুটি দল।