রুনিদের হারিয়ে শেষ আটে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিলেন দলটির কিংবদন্তি ফরোয়ার্ড ওয়েইন রুনি। তবে এফএ কাপের শেষ ষোলোয় তার দল ডার্বি কাউন্টি কোনো রূপকথা অবশ্য জন্ম দিতে পারেনি। ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে দলটি। এই জয়ের ফলে নিজেদের অপরাজিত যাত্রাটাকে ৯ ম্যাচে উন্নীত করেছে ইউনাইটেড।

চ্যাম্পিয়নশিপের দল ডার্বির বিপক্ষে জয় পেতে খুব কাঠখড় অবশ্য পোড়াতে হয়নি রেড ডেভিলদের। ৩৩ মিনিটে গোল করে দলটিকে এগিয়ে দেন লুক শ। এরপর ৪১ আর ৭০ মিনিটে ওডিওন ইগালোর জোড়া গোল কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয় ইউনাইটেডকে।

শেষ আট-এ আগামী ২১ মার্চ নরউইচের বিপক্ষে খেলবে কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা। এই জয়ের ফলে টানা ৯ ম্যাচে অপরাজিত থাকল ইউনাইটেড।

জয়ের ফলে প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ইউনাইটেড কোচ। সোলসারের কথা, ‘আজকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা পূর্ণ শক্তি প্রদর্শন করতে পারছিলাম না। ফলে এই ম্যাচটিকে লক্ষ্যবস্তু বানিয়েছিলাম, যেখানে সামর্থ্যের পূর্ণাঙ্গ মহড়া দেওয়া যায়।’

নরওয়েজিয়ান এই কোচ জানান সবদিক থেকেই উতরে গেছেন তার শিষ্যরা। সেটাই ম্যাচ শেষে সন্তুষ্ট করেছে তাকে। তিনি বলেন, ‘আমরা সবদিকেই উতরে গেছি। সত্যিকারের ম্যানচেস্টার ইউনাইটেডের মতো খেলেছি। এই পারফরমেন্সে আমি খুবই খুশি। আমরা ফর্ম খুঁজে পেয়েছি। সেই সঙ্গে রক্ষণভাগের দক্ষতাও। শেষ ৯ ম্যাচের মধ্যে এখন সাত ম্যাচেই আমরা জয় পেয়েছি।’

টানা ৯ ম্যাচে অপরাজিত সোলসারের শিষ্যদের পরবর্তী প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে আগামী রবিবার নিজেদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থাকা পেপ গার্দিওলার শিষ্যদের আতিথ্য দেবে সোলসারের দল। প্রিমিয়ার লীগে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে করা ইউনাইটেড চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে পিছিয়ে আছে ৩ পয়েন্টে।