শেকৃবি সংবাদদাতা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খামারে নেই নিরাপত্তা। রাতের আঁধারে প্রতিনিয়ত গবেষণা মাঠ থেকে হচ্ছে ফসল চুরি। ফলে গবেষণা কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও উদ্যানতত্ত্ব মাঠে সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্নাতকোত্তর ও পিএইচডির শিক্ষার্থীরা পাঠ্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ফসলের জাতের ওপর পরীক্ষামূলক গবেষণা পরিচালনা করে থাকেন। তবে প্রায়ই রাতে কিছু বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণার ফসল চুরি ও নষ্ট করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গবেষণা কার্যক্রম।
জানা যায়, গত দুই মাসে গবেষণা চালিয়ে যাওয়া স্নাতকোত্তর শিক্ষার্থী মো. মামুন হোসেনের প্লট থেকে ক্যাপসিকাম, প্যাথোলজি বিভাগের মো. মাহমুদুল হাসান তানুর প্লট থেকে পেঁয়াজ, উদ্যানতত্ত্ব বিভাগের মো. ইসমাইল হোসেনের স্ট্রবেরি, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের আবু নোমান সায়েমের টম্যাটোসহ আরো কয়েক জনের ফসল চুরি ও নষ্ট হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ইত্তেফাককে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। আমাদের ক্যাম্পাস ছোটো হওয়ায় শিক্ষার্থীদের বিচরণক্ষেত্রের জায়গা কম। তাই তারা গবেষণা মাঠে আড্ডা জমায়। নিরাপত্তারক্ষীদের বাধা মানে না শিক্ষার্থীরা। গেটের তালা ভেঙে রাতে ঢুকে পড়ে। আমাদের নির্মাণাধীন টিএসসি কাজ সম্পন্ন হলে সেখানে শিক্ষার্থীদের বসার জায়গা দিতে পারব। তখন গবেষণা মাঠে শিক্ষার্থীদের বিচরণ কমানো সম্ভব হবে।’