শেবাচিমে নির্মাণাধীন আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল অফিস

করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ড তৈরি করছে বরিশাল শেবাচিম হাসপাতাল। হাসপাতাল চত্বরে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় এ ওয়ার্ড তৈরি করা হচ্ছে। ১৫০ শয্যাবিশিষ্ট নির্মাণাধীন এ আইসোলেশন ওয়ার্ড শুক্রবার বিকালে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম। ওয়ার্ড পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, দক্ষিণাঞ্চলের সর্ববৃহত্ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে। বিষয়টি নিয়ে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি শিগিগরই সমাধান হবে। তাছাড়া হাসপাতালে ব্যবস্থাপনায় দ্রুতই পরিবর্তন দেখা যাবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ৮ মার্চ বরিশাল শেবাচিম হাসপাতালে ১৫০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডটি উদ্বোধন করা হবে।