সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
পদে থেকে আর প্রতিদ্বন্দ্বিতায় থাকা হলো না বিএনপি দলীয় প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের। তিনি সৈয়দপুর পৌরসভার মেয়র পদে থেকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নেন। গত সোমবার হাইকোর্টের চেম্বার আদালত তার প্রার্থিতা স্থগিত করেন। মো. আমজাদ হোসেন সরকার সৈয়দপুর পৌরসভার মেয়র পদে রয়েছেন। তিনি বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক। একাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে বিএনপি দুইজনকে মনোনয়ন দেয়। এরমধ্যে একজন মো. আমজাদ হোসেন সরকার ও অন্যজন হচ্ছেন সংগীত শিল্পী বেবী নাজনীন। পরে দলীয়ভাবে সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারকে দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।