ভারত থেকে পাইপলাইনে আসবে তেল

উত্তরের দুই জেলা পাচ্ছে গ্যাস

উত্তরাঞ্চলের রংপুর ও নীলফামারী জেলায় গ্যাস সংযোগ দিতে প্রাথমিক কাজ শুরু করেছে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার বিকালে পার্বতীপুরের রেলওয়ে হেড ডিপো পরিদর্শনে এসে এ তথ্য জানান জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান।

তিনি জানান, গ্যাস লাইন বগুড়া পর্যন্ত আছে। এই লাইন রংপুর ও নীলফামারীর ইপিজেড পর্যন্ত নেওয়া হবে। পরে তিনি ৫২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। প্রকল্প পরিচালক টিপু সুলতান, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারী, মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্যা খালেদ, বড় পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান খান, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম কামরুজ্জামান, পদ্মার এজিএম এম এম মজিবর রহমান, যমুনার এজিএম জসীম উদ্দিন, মেঘনার এজিএম আহসানুল আমিন, পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক,                পদ্মার ডিএস আযম খান, মেঘনার ডিএস মাহবুবুর রহমান, যমুনার ডিএস আবুল ফজল মো. সাদেকীন, ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি লুত্ফর রহমান, সেক্রেটারি রওশন আলী, সদস্য আলী হোসেন, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুল হক ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ মিথুন মুন্নী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, ভারতের নুমালীগড় হতে শিলিগুড়ি রেল টার্মিনাল পর্যন্ত ৬০ কিলোমিটার পাইপ লাইন রয়েছে। এখন শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল হতে পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ করা হবে। এর মধ্যে ভারত অংশে পাঁচ কিলোমিটার ও বাংলাদেশ অংশে ১২৫ কিলোমিটার। এতে ব্যয় ধরা হয়েছে ৫২০ কোটি টাকা। এর মধ্যে ভারত সরকার দিবে ৩০৩ কোটি রুপি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন দিবে ১৫০ কোটি টাকা। ১০ ইঞ্চি ব্যাসের এই পাইপ লাইন দিয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন করা সম্ভব হবে।

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ আল মামুন খালেদ জানান, ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। পাইপলাইন নির্মিত হলে কয়েক ঘণ্টার মধ্যে ভারত থেকে পার্বতীপুর রেল হেড পিওএল ডিপোতে জ্বালানি তেল (ডিজেল) চলে আসবে। এখান থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের ১৬ জেলায় তা সরবরাহ করা হবে।