বরিশালে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বরিশালে চিঠি লিখে গুলি চালিয়ে হূদয় চন্দ্র দাস (২১) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত ছয় তলা ব্যারাক হাউজের ছাদে তার মরদেহ পাওয়া যায়। হূদয় চন্দ্র দাস ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট চকদুশ এলাকার সুকণ্ঠ চন্দ্র সাহার ছেলে। তিনি বরিশাল জেলা পুলিশের কনস্টেবল হিসেবে এক বছর তিন মাস পূর্বে নিয়োগপ্রাপ্ত হন।

বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হূদয় ব্যারাক হাউজের সামনে ডিউটিরত ছিলেন। এরপর তার মরদেহ ব্যারাক হাউজের ছাদে পাওয়া যায়। তিনি জানান, হূদয়ের পকেট থেকে দুটি চিঠি পাওয়া গেছে। বাবা ও ছোটো ভাইয়ের কাছে লেখা চিঠি দুটিতে তিনি তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছেন। এছাড়াও তার পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি মেয়ের ছবি পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে প্রেমের সূত্র ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তার অস্ত্রসহ ছাদে যাওয়ার বিষয়ে যদি কোনো পুলিশ সদস্যর দায়িত্বে অবহেলা থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মো. রাসেল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।