আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশাল-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। নৌকা স্বাধীনতা ও সমৃদ্ধির প্রতীক। দেশের উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করুন।
মঙ্গলবার নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ আরো বলেন, অন্যদিকে আরেকবার রামশীল যেতে চাইলে ওদের ভোট দিন। কারণ ওরা ২০০১ সালে ক্ষমতায় এসে ৫০ হাজার সংখ্যালঘু পরিবারকে নির্যাতন করে রামশীল পাঠিয়েছিল। এখন ১৭ বছর পর সেই বিএনপি দলের প্রার্থী (জহির উদ্দিন স্বপন) নিজের বাড়িতে সংবাদ সন্মেলনে ক্ষমা চেয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আবার ক্ষমতায় গেলে বিচার করার কথা বলছে। সে (স্বপন) নির্যাতনকারীদের অন্যতম স্ব-ঘোষিত অপরাধী। যে জনগণের নিরাপত্তা দিতে পারে না; তার ভোট চাওয়ারও কোনো অধিকার নেই! বিএনপি জোটের সময়ে তাদের নির্যাতনে বাড়ি থাকতে পারেনি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী।
তিনি বলেন, ওরা ক্ষমতায় বসে সারাদেশে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ওরা দেশব্যাপী জন্ম দিয়েছে জঙ্গি আর সন্ত্রাসবাদের। ওদের সময়ে একযোগে দেশের ৬৪টি জেলায় সিরিজ বোমা হামলা করেছে। বোমায় হত্যা করেছে দুইজন বিচারককে। তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘ওরা অধম বলে আমরা উত্তম হব না কেন?’ তাই আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না বলেই ওদের অত্যাচার আর নির্যাতনের সমুচিত জবাব দেয়নি আওয়ামী লীগ।
আবুল হাসানাত আবদুল্লাহ আরো বলেন, ওরা ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন বন্ধ করে দেবে। তাই ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ের মাসে আরেকটি বিজয় ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচনী উঠান বৈঠকে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ঢাকা মহানগর জাপার সদস্য অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
সভায় বরিশাল-১ আসনে বিকল্প ধারা ও যুক্তফ্রন্টের সমন্বয়ক মামুনুর রশিদ প্রধান অথিতিকে ফুল দিয়ে নৌকার সমর্থনে আওয়ামী লীগে সংহতি প্রকাশ করেন।