আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন রাজনৈতিক নেতা আবদুল্লাহ আবদুল্লাহ। তালেবান হামলা চালায়নি বলে জানিয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির পর এই প্রথম এ ধরনের ভয়াবহ হামলার ঘটনা ঘটল। খবর আল-জাজিরা ও ডেইলি মেইলের
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নসরত রাহিমি জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা ২৭ বললেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ৩০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল ছিল হাজরা গোষ্ঠীর নেতা আবদুল আলী মাজারির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান। সেখানে অংশ নেন দেশটির ঐকমত্যের সরকারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ, যার সঙ্গে গত সেপ্টেম্বরের নির্বাচন নিয়ে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানির দ্বন্দ্ব রয়েছে।
আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র ফ্রায়েদুন কাওয়াজুন জানান, সেখানে অনেক রাজনৈতিক নেতা ছিলেন। একটি রকেট এসেও পড়ে বলে তিনি জানান। তবে নেতারা পালিয়ে যেতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীদের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর লড়াই চলে। পরে ন্যাটো বাহিনীও সেখানে আসে। ঘটনার পর আশরাফ ঘানি টেলিফোনে আবদুল্লাহ আবদুল্লাহ খোঁজ নিয়েছেন।