চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
বিএনপি’র দুর্গ নামে খ্যাত নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আংশিক আসনে চিত্র এখন ভিন্ন। পুরো নির্বাচনী এলাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহীম। অপরদিকে নির্বাচনী প্রচারণায় বাধা নেতা-কর্মীদের মধ্যে মামলা-হামলার ভয়-ভীতি বিরাজ করায় এরা নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছেন না।
এ কারণে সক্রিয়ভাবে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এতে করে বেকায়দায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা ডা. রুবাইদ ইসলাম মন্টি, জসিমউদ্দিন আরমান, দল মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
অন্যদিকে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে হামলা-মামলা, ভয়-ভীতি বিরাজ করেছে। তারা নিজেদের রক্ষা করে চলেছেন। নির্বাচনী প্রচারণা ও কর্মকাণ্ডে অনেকেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। তাছাড়া বিএনপির প্রচুর সমর্থন থাকলেও নির্বাচনী প্রচারণা ও কর্মকাণ্ড এবং নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তায় কাজে লাগানো সম্ভব হচ্ছে না। বিএনপির নির্বাচনী কর্মকাণ্ড এখন অনেকটা মোবাইলের উপর নির্ভরশীল।
তাছাড়া এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন জাতীয় পার্টির আবু নাসের ওহিদ ফারুক, বিকল্প ধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ কে এম এরফান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জিয়াউল হক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের শাহ আলম এবং স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন।
আওয়ামী লীগের প্রার্থী এইচএম ইব্রাহীম জানান, গত ১০ বছরে এ নির্বাচনী এলাকায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এতে মানুষের সমর্থন বেড়েছে আওয়ামী লীগের প্রতি। তিনি অনেক বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে বিএনপির ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন জানান, তার দলের নেতা-কর্মীরা ভোট করতে পারলে তিনি জয়লাভ করবেন।