বালিয়াকান্দিতে লাঙ্গল ছেড়ে নৌকার পক্ষে জাপার নেতাকর্মীরা

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে সমর্থন জানিয়েছেন বালিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টি। গত সোমবার রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত বর্ধিত সভায় এই সমর্থন জানান।

বালিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আশরাফ আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জাতীয় পাার্টির সাংগঠনিক সম্পাদক কোবায়দুর রহমান কোবেদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক  মো. রেজাউল করিম রেজা, যুব সংহতির সভাপতি বদিউজ্জামান খান বদরুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারুয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রতন মোল্যা, নবাবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ, বহরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, ইসলামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

এ সভায় বক্তারা বলেন, পার্টির চেয়ারম্যান হুসাইন মো. এরশাদ এমন এক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যিনি একেবারেই নিষ্ক্রিয়। দলের তৃণমূলের কোনো নেতা-কর্মীদের সাথে তার কোনো যোগাযোগ নেই। তিনি থাকেন ঢাকায়। তার পক্ষে আমাদের নির্বাচন করা সম্ভব নয়। যেহেতু জাতীয় পার্টি মহাজোটের সাথে নির্বাচন করছে সেহেতু আমরা মহাজোটের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের পক্ষে নির্বাচন করবো এবং আজ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাবো। আমরা উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আমরা নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করবো।