বঙ্গবন্ধুকে কোনো বাঙালি হত্যা করেনি। এ হত্যার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। গতকাল রাজধানীর বিয়াম মালটি-পারপাস হলে নবম বিসিএস ফোরাম আয়োজিত ‘জনসেবায় প্রশাসন : বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবম বিসিএস ফোরামের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
এইচ টি ইমাম বলেন, বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার স্থপতি নন, স্বপ্নদ্রষ্টাও বটে। তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন, কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে না। তার এই বিশ্বাস অটুট ছিল। আমিও চ্যালেঞ্জ করে বলছি, কোনো বাঙালি বঙ্গবন্ধুকে হত্যা করেনি। এই হত্যার পেছনে বিরাট আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তিনি বঙ্গবন্ধুর দুইটি বক্তৃতাকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সেমিনারে নবম বিসিএস ফোরামের মহাসচিব ও কর কমিশনার সোয়ায়েব আহমেদসহ ফোরামের সদস্য ও অন্য বিসিএস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি