পিরোজপুরের ঘটনা প্রমাণ করে আদালত সরকারের ইচ্ছায় চলে : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার যদি ইচ্ছা করে আদালত খালেদা জিয়ার জামিন দিয়ে দেবে। আদালত যে সরকারের ইচ্ছায় চলে, পিরোজপুরের ঘটনা সেটাই প্রমাণ করে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আকরাম খাঁ হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে ‘নাগরিক অধিকার, ন্যায়বিচার এবং বেগম খালেদা জিয়া’ শীর্ষক এ সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, গণফোরামের কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়ীদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।