বিরল প্রজাতির ২৯ চখাচখি অবমুক্ত

নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী শালবনে বিরল প্রজাতির ২৯টি চখাচখি পাখি অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় আলতাদিঘীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উদ্ধারকৃত অবমুক্ত করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার। বন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে এ পাখি অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, রেঞ্জ কর্মকর্তা দেবাশীষ দে, ফরেস্টার আশরাফুল ইসলাস, ধামইরহাট বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বিরল প্রজাতির ২৯টি চখাচখি পাখি ২২ জানুয়ারি রাজশাহীর পদ্মা নদী থেকে শিকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়। পাখিগুলোর বিকাশ ও নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আলতাদিঘী ও শালবনে অবমুক্ত করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি