তথ্যপ্রযুক্তি ডেস্ক
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে ব্যবসা পরিচালনায় ডিজিটাল সুবিধা নিয়ে আসতে রবি ও মেটাকেভ সফটওয়্যার সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল এবং মেটাকেভ সফটওয়্যারের প্রতিষ্ঠাতা সাদিক মো. আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গত বৃহস্পতিবার গুলশানের রবির করপোরেট অফিসে এই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রবির ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজমুল ইসলাম, মো. রেজওয়ান আল ইসলাম, মহাব্যবস্থাপক গাউসুল আজম আরাফাত আহমেদ এবং ম্যানেজার মো. আবুল হাসনাত এবং আহমেদ সুফী কামাল এবং উভয় প্রতিষ্ঠানের কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবি আমার হিসাবের লক্ষ্য হলো—ছোটো ও মাঝারি উদ্যোগের ব্যবসায় পরিচালনা সহজ করা। মেটাকেভ সফটওয়্যারে কোম্পানির তত্ত্বাবধানে প্রস্তুতকৃত এই সফটওয়্যারটি যেটির মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই তাদের ক্রয়, বিক্রয়, লেনদেন এবং লাভক্ষতির হিসাব বজায় রাখতে পারে। এই ব্যবসার একাধিক শাখা অথবা একই মালিকের একাধিক ব্যবসাকে একই সফটওয়্যারটির মাধ্যমে পরিচালনা করা যায়। এটিকে ব্যবহারকারী বান্ধব করে তুলতে, সফটওয়্যারটি ইংরাজির পাশাপাশি বাংলা ভাষায়ও ব্যবহারযোগ্য।