তথ্যপ্রযুক্তি ডেস্ক
রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির সিটিআইটি মেলা শেষ হলো মাত্র। ‘প্রযুক্তিই অগ্রগতি’ স্লোগানে আসুস, এভিটা, ডেল টেকনোলজিস, এইচপি ও লেনোভোর পৃষ্ঠপোষকতায় এবং ইন্টেল, এমএসআই, ডি-লিঙ্ক, এক্সপোমেলা, কাস্পেরস্কি, ROG-এর সহযোগিতায় আইডিবি ভবনে আয়োজিত এ মেলা শেষ হয়েছে গতকাল।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০টা থেকে ছিল দর্শক-ক্রেতার উপছে পড়া ভিড়। শত শত শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল অভূতপূর্ব। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দর্শক-ক্রেতার সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকে।
অসংখ্য ক্রেতার আগমনে মার্কেটে বিক্রেতারাও আনন্দিত। মেলার শেষদিকে এসে বেচাকেনা ছিল সন্তোষজনক। সকাল থেকেই দেখা যাচ্ছে প্রায় সব দোকানে ক্রেতার উপচে পড়া ভিড়। ক্রেতারা আসছেন মেলা উপলক্ষ্যে দেওয়া মূল্যছাড় এবং উপহারসহ প্রযুক্তিপণ্য কেনার জন্য। এছাড়াও সাধারণ দর্শনার্থী ও ক্রেতাদের জন্য ছিল বিভিন্ন সেলফি প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, রোবটিক্স প্রদর্শনী, ডিজিটাল ফটো প্রতিযোগিতা, শিশুদের আর্ট প্রতিযোগিতা ও ৯ডি ছায়াছবি দেখার বিশেষ আয়োজন।