সড়কসহ সর্বত্র ধুলাবালিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আমরা যেন মেনেই নিয়েছি ধুলাবালিপূর্ণ জীবন। ধুলাবালি থেকে পরিত্রাণের জন্য মাস্ক লাগিয়েও আমরা রক্ষা পাচ্ছি না। অক্সিজেনের সঙ্গে ধুলাবালি ঢুকছে আমাদের শরীরে—যার ফল সর্দি, হাঁচি, সাইনোসাইটিস, মাথাব্যথা, হাঁপানি-অ্যাজমা ও শ্বাস-প্রশ্বাসে সমস্যা। ধুলাবালির জন্যই চোখ ওঠাসহ চোখের জটিল ও কঠিন সমস্যার পাশাপাশি চর্মপীড়া, বক্ষ্যব্যাধি হরহামেশাই দেখা দিচ্ছে। ধুলাবালি আসে পাকা রাস্তার গর্ত বা রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ থেকে। ধুলাবালি উড়ে যায় বাড়িতে, ফ্লাটে কিংবা উড়ে গিয়ে গাছের পাতায় জমা হয়ে পাতার সবুজ রং ধূসর হয়ে যায়। আবার ধুলায় রাস্তা ধূসরিত হওয়ায় অনেক সময় গাড়ির চালকরা রাস্তা বুঝতে না পেরে দুর্ঘটনার কবলে পড়েন। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাব যে, ধুলাবালি নিরসনে আশু পদক্ষেপ নিন।
আবুজার গিফারী
শিক্ষার্থী, আইন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া