বগুড়ার সান্তাহার শহরে স্থায়ী কোনো বাসস্ট্যান্ড নেই। এদিকে সড়কপথে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য সান্তাহার উত্তরবঙ্গের একটি ট্রানজিট শহর। চারটি জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। অথচ স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় যানবাহনে রাস্তায় ওপরেই যত্রতত্র যাত্রী ও মালামাল ওঠানো-নামানো হয়। এতে সড়কে যানজটসহ নানা সমস্যায় পথচারীদের দুর্ভোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। শহরের ব্যস্ত এক একটি সড়ক বর্তমানে এক এক গন্তব্যের বাসস্ট্যান্ড। মেইন রোডে রেলগেট সংলগ্ন স্থানে রাস্তার ওপর বগুড়াগামী বাস, সিএনজি, ব্যাটারিচালিত গাড়ি থেমে যাত্রী ও মালামাল ওঠায়-নামায়। নওগাঁ রোডের পৌরমোড়সহ কয়েকটি স্থানে রাস্তার ওপর নওগাঁ ও জয়পুরহাট গামী যানবাহন একই অবস্থা করে। স্টেশন রোড পুরোটা জুড়েই নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন পথের যানবাহন স্ট্যান্ড! এছাড়া মালগুদাম রোড ট্রাকের দখলে। এসব রাস্তায় যানজট লেগেই থাকে। পৌর কর্তৃপক্ষ কয়েক বছর আগে সোনার বাংলা মার্কেটের পেছনে ফাঁকা জায়গা বাসস্ট্যান্ডের জন্য নির্ধারণ করে। কিন্তু পরে তা মাইক্রোবাসের দখলে চলে যায়। এ ব্যাপারে আর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সব ধরনের যাত্রীবাহী গাড়ি শহরের রাস্তাগুলোকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে। পরিশেষে, সান্তাহারে স্থায়ী বাসস্ট্যান্ড জরুরিভিত্তিতে নির্ধারণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন
আদমদীঘি, বগুড়া