ইত্তেফাক ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় সারাদেশে নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক সাতই মার্চ। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল :নগরীর সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এছাড়া নগরীর ওয়ার্ডগুলোতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা এবং বিকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইভাবে জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ ও তার সব সহযোগী সংগঠনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম: মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
সিলেট: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা।
গাইবান্ধা: স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
ঝিনাইদহ :ঝিনাইদহে ৫ হাজার শিক্ষার্থীর কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর সাতই মার্চের কালজয়ী ভাষণ। শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ৫ হাজার শিক্ষার্থী খুদে বঙ্গবন্ধু সেজে এই ভাষণ দেয়।
চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শোভাযাত্রা বের হয়ে মুজিব চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
জয়পুরহাট :বাংলাদেশ শিশু একাডেমি জয়পুরহাট জেলা শাখা শিশুদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করে। শিশু একাডেমি জেলা কার্যালয়ে আয়োজিত সাতটি বিভাগে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী।
মাদারীপুর :জেলা শিশু একাডেমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
নেত্রকোনা :সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা মতিয়র রহমান খান, সহসভাপতি অ্যাডভোকেট আমীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান লিটন প্রমুখ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল :শিশুদের চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমি কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম।
নাটোর :শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
মাগুরা :নোমানী ময়দান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহমদ আল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচারক মাহবুবুর রহমান।
গাজীপুর : জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) :উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এস হুমায়ুন কবির, পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, উপজেলা যুবলীগের সভাপতি মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল প্রমুখ বক্তব্য রাখেন।
স্বরূপকাঠি (পিরোজপুর) :উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাতিয়া (নোয়াখালী) :উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের নেতৃত্বে বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) :উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু-বক্কর সিদ্দিক মিলন ও ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনের নেতৃত্বে ফুলবাড়ী ডিগ্রি কলেজ থেকে র্যালি বের করা হয়। পরে ফুলবাড়ী ডিগ্রি কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) :উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি মুক্তির মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
নাঙ্গলকোট (কুমিল্লা) :উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
মনপুরা (ভোলা) :উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাবি (সিলেট) :জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সাতই মার্চের র্যালি বের করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সংক্ষিপ্ত বক্তব্যে শেষে বঙ্গবন্ধু সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) :গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান।
ইবি (কুষ্টিয়া) :বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শেষে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা প্রমুখ।
এছাড়া পিরোজপুরের কাউখালী, বরিশালের আগৈলঝারা, পাবনার ঈশ্বরদী, কিশোরগঞ্জের নিকলী, পটুয়াখালীর দুমকি, রাজশাহীর বাঘা ও তানোর, গাইবান্ধার সুন্দরগঞ্জ, বাগেরহাটের মোরেলগঞ্জ, বগুড়ার আদমদীঘি, সিরাজগঞ্জের উল্লাপাড়া, নওগাঁর নিয়ামতপুর ও রাণীনগর, কুষ্টিয়ার দৌলতপুর, দিনাজপুরের কাহারোল, বিরামপুর, কুমিল্লার তিতাস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর চৌমুহনী উপজেলাসহ সারাদেশেই নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়েছে।