পেঁয়াজে আগা মরা রোগ দিশাহারা পাবনার কৃষক

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

পাবনার সাঁথিয়া ও সুজানগর এলাকায় এ বছর পেঁয়াজে আগা মরা রোগ দেখা দিয়েছে। ফলে এ বছর পেঁয়াজের বাম্পার ফলন না হওয়ার আশঙ্কায় দিশাহারা কৃষক। পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশের বেশির ভাগ পেঁয়াজের চাহিদা পূরণে সক্ষম পাবনা জেলার ৯টি উপজেলায় এ বছরে ৪৯ হাজার ৩১৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে সাঁথিয়া উপজেলায় ১৬ হাজার ৯৫০ হেক্টর ও সুজানগর ১৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে। যা এখন প্রায় প্রতিটি জমিতে পেঁয়াজের আগামরা রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

সাঁথিয়া উপজেলার আফড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, আমি সাড়ে চার বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছি। কিন্তু হঠাত্ আগামরা রোগে আক্রান্ত দেখে হতাশ হয়েছি। এ রোগ যদি না সারে তবে এ বছর লোকসানে পড়ে যাব। ফকিরপাড়া গ্রামের কৃষক রহিম বলেন, কাটিয়াদহ বিলের মাঠে প্রায় ৫ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। কিন্তু আগামরা রোগ দেখে এখন হতাশ। তিনিও ফলন নিয়ে শঙ্কিত। সাঁথিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী বলেন, আমরা প্রতিদিনই কোনো না কোনো মাঠে যাচ্ছি। যে জমিতে পেঁয়াজ রোপণ ৬০ দিনের বেশি হয়েছে সেগুলো আশঙ্কামুক্ত থাকবে। তবে যে জমিতে ৬০ দিনের কম আছে সেগুলোর একটু সমস্যা হতে পারে। তবে আমরা কৃষকদের বলেছি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। সময় মতো রোবানন, রোবাটল ও এভিস্টাটপ স্প্রে করলে ঠিক হয়ে যাবে আশা রাখি।