মাশরাফির প্রশংসায় থারাঙ্গা-সিকান্দাররা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বের অধ্যায় শেষ হয়েছে। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের মাধ্যমেই সমাপ্তি ঘটে মাশরাফির ‘অধিনায়কত্বের’ ক্যারিয়ার। এখন দেশের সাবেক অধিনায়ক তিনি। বিদায়বেলায় সতীর্থদের, বিসিবির, ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন দেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।

শুধু দেশের অভ্যন্তরে নয় প্রতিপক্ষ শিবির থেকে শ্রদ্ধা, সম্মান মিলেছে মাশরাফির। শ্রীলঙ্কার অভিজ্ঞ ওপেনার উপুল থারাঙ্গা শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ককে। বলেছেন, একজন চ্যাম্পিয়ন তুমি।

সিলেটের মাঠে থেকেই অধিনায়ক মাশরাফির বিদায় দেখেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। ইন্সটাগ্রামে এক পোস্টে তার বর্ণনাই দিয়েছেন। শুভ কামনা জানিয়েছেন সুন্দর আগামীর জন্য।

থারাঙ্গা, সিকান্দার রাজা বাংলাদেশে বেশ পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিপক্ষ ছাড়াও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তাদের পদচারণা অনেকটা নিয়মিতই।

লঙ্কান বাঁ-হাতি ওপেনার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে মাশরাফির সঙ্গে খেলেছিলেন। বন্ধু মাশরাফির উদ্দেশে ফেসবুকে থারাঙ্গা লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধু, মাশরাফি বিন মুর্তজা। কী অসাধারণ একজন চ্যাম্পিয়ন তুমি! বিশ্বব্যাপী হাজার-হাজার মানুষকে উদ্বুদ্ধ করেছ প্রতিনিয়ত। আশা করি খুব শিগগিরই দেখা হবে আমাদের।’

বাংলাদেশে অনেকবার আসায় মাশরাফির জনপ্রিয়তা সম্পর্কে ভালোই জানা আছে সিকান্দার রাজার। মাশরাফির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে নিজস্ব ইন্সটাগ্রাম আইডিতে জিম্বাবুয়ের এই ক্রিকেটার লিখেছেন, ‘সবসময় জানতাম মাশরাফি তার দলের জন্য এবং তার সমর্থকদের কাছে কী, কিন্তু গতকাল তা নিজ চোখে দেখেছি। প্রচুর ভালোবাসা এবং সম্মান তার জন্য। আমি একজন নায়কের বিদায় অনুষ্ঠান দেখেছি এবং আমরা ম্যাশ ভাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

অধিনায়ক মাশরাফির শূন্যতা অনুভব করবেন তামিম ইকবাল। ম্যাচের পর কাঁধে চড়িয়ে প্রিয় নেতাকে সীমানা দড়ি পর্যন্ত নিয়ে এসেছিলেন এই বাঁ-হাতি ওপেনার। শুক্রবার রাতে তামিম বলেছেন, ‘মাশরাফি ভাই অসাধারণ একজন নেতা, আমরা তার শূন্যতা অনুভব করব। সে সবার অনুপ্রেরণা। ২০১৪ সালের পর তার কারণেই সবাই আমাদের নিয়ে ভাবতে শুরু করে।’

বিদায়ি ম্যাচে অধিনায়ককে জয় উপহার দিতে চেয়েছিলেন লিটন দাস। ক্যারিয়ার সেরা ও বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সেরা ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার। হয়েছিলেন ম্যাচ-সেরা। ক্যারিয়ারের শুরু থেকে মাশরাফির প্রত্যক্ষ সমর্থনে দলে টিকে ছিলেন লিটন। শুক্রবার তিনি বলেছেন, ‘ভাইকে জয়ের একটা উপহার দিতে চেয়েছি। দুইশর কথা মাথায় ছিল না। আমি মাশরাফি ভাইর অধীনে দলে আসি। আমাকে সে অনেক সাপোর্ট করেছে। খারাপ খেললেও সে আমার পাশে দাঁড়িয়েছে। ড্রেসিংরুমের মজাগুলো অনেক মিস করব।’

অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারটা প্রলম্বিত করার ইচ্ছা রয়েছে মাশরাফির। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ৪ উইকেট নিয়েছেন তিনি। শুক্রবারের ম্যাচে একাদশের বাইরে থাকা মুশফিকুর রহিম মনে করেন, একাদশে খেলার মতো ফিট খেলোয়াড় মাশরাফি। তার আশা, আরো দুই বছর খেলবেন ডানহাতি এই পেসার।

ম্যাচ শেষে মুশফিক বলেছেন, ‘অধিনায়ককে অনেক মিস করব। সে খেলোয়াড় হিসেবে মাঠে নামার জন্য এখনো ফিট। দুই বছর আরো খেলতে পারবে আমি মনে করি।’

যদিও মাশরাফির বিদায়ী ম্যাচে খেলা হয়নি মুশফিকের। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে ডানহাতি এই ব্যাটসম্যানকে একাদশের বাইরে রাখা হয়। মুশফিকের অনুপস্থিতি অবশ্য টের পায়নি বাংলাদেশ। তামিম-লিটনের জোড়া সেঞ্চুরিতে বড়ো জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

ওয়ানডেতে বাংলাদেশের

সেরা অধিনায়ক

অধিনায়ক                  ম্যাচ    জয়    পরাজয়    ফলাফলহীন

মাশরাফি বিন মুর্তজা            ৮৮        ৫০      ৩৬             ২

হাবিবুল বাশার সুমন            ৬৯        ২৯       ৪০            ০

সাকিব আল হাসান               ৫০        ২৩       ২৬             ১

মুশফিকুর রহিম                   ৩৭        ১১       ২৪             ২

মোহাম্মদ আশরাফুল             ৩৮        ৮         ৩০            ০

খালেদ মাসুদ পাইলট            ৩০        ৪         ২৪             ২

আমিনুল ইসলাম বুলবুল        ১৬        ২         ১৪             ০

আকরাম খান                      ১৫        ১         ১৪             ০

খালেদ মাহমুদ সুজন             ১৫        ০         ১৫             ০

গাজী আশরাফ হোসেন লিপু   ৭          ০         ৭               ০