ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, মুজিববর্ষ উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে বাংলাদেশের জনগণ স্বাগত জানাবে। নরেন্দ্র মোদি আমাদের সম্মানিত রাষ্ট্রীয় অতিথি, মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারতের প্রতিনিধি হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন। প্রতিরোধের ডাক না দিয়ে আমাদের উচিত হবে ভারতের সরকার প্রধানকে স্বাগত জানানো। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
দিল্লির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, কোনো একটি দিক বিবেচনায় নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হয় না। সার্বিক পরিবেশ ও ভূ-রাজনৈতিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। নরেন্দ্র মোদি কোনো দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ সফর করছেন না, তিনি ভারত রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে আসছেন। ভারতের নাগরিকদের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের হাজার বছরের মেলবন্ধন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে দিল্লির ঘটনায় বাংলাদেশে ক্ষোভের সঞ্চার হয়েছে একথা সত্য; কিন্তু বিশ্ব-মানবতার প্রতি বরাবরের মতো আস্থা রেখে আমাদের ধৈর্য ধারণ করা উচিত।