৭ই মার্চ পালন না করার অর্থ স্বাধীনতাকে অস্বীকার করা :তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চ পালন না করার অর্থ দেশের স্বাধীনতাকে অস্বীকার করার শামিল। গতকাল তথ্য ভবন মিলনায়তনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দ্বারপ্রান্তে বিএনপি ভুলের রাজনীতি থেকে বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে ৭ই মার্চ পালন করবে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স ম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে তথ্য সচিব কামরুন নাহার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১৯৭১ সালের ৭ই মার্চে জাতির পিতার ঐতিহাসিক ভাষণ ধারণকারী দলের সদস্যদের মধ্যে স্মৃতিচারণ করেন আমজাদ আলী খন্দকার ও সৈয়দ মইনুল আহসান। পরে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ধারণকারী আট সদস্যের মধ্যে পদক প্রদান করেন তথ্যমন্ত্রী। এর মধ্যে আমজাদ আলী খন্দকার ও সৈয়দ মইনুল আহসান সরাসরি এবং অন্যদের পরিবারের সদস্যরা হাছান মাহমুদের হাত থেকে পদক গ্রহণ করেন।