ক্রীড়াসুলভ মনোভাব, দলীয় ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট আটটি দল অংশ নেয়। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং আইন বিভাগ।
উত্তেজনাপূর্ণ ফাইনালে আইন বিভাগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। রানার্সআপ হয় আইন বিভাগ।
পুরো টুর্নামেন্টে ক্রীড়াসুলভ আচরণ ও ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও পায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
টুর্নামেন্টের ট্রফি হস্তান্তর অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শারাফত চৌধুরী মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চৌধুরী জাফরউল্লাহ শারাফত।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার এবং অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়া হয়।
শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, দলগত দক্ষতা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের একত্রিত হওয়ার পাশাপাশি নিজেদের প্রতিভা ও দলীয় সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় চ্যাম্পিয়ন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, রানার্সআপ আইন বিভাগ এবং অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
