নির্বাচন বানচালে বিএনপি নাশকতার ষড়যন্ত্র করছে

বিএনপি-জামায়াত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সহায়তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বড় ধরনের সহিংসতা করার ষড়যন্ত্র করছে। আর এ ষড়যন্ত্র সফল করার অংশ হিসেবে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট।

গতকাল মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ তাদের (বিএনপি) এ ষড়যন্ত্রকে বানচাল করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের মিথ্যাচারের ভয়াবহতা এতই প্রকট হয়ে উঠেছে যে, তাদের মনগড়া, বিকৃত, বাস্তবতা বিবর্জিত অপপ্রচার রাজনীতির ময়দান ছেড়ে জাতির গর্ব ও আত্মমর্যাদার স্মারক সেনাবাহিনী পর্যন্ত গড়িয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী বিশ্বশান্তি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছে। কিন্তু বিএনপি-জামায়াত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।তিনি আরও বলেন, কিছুদিন আগেও আপনারা দেখেছেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কিভাবে নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচার করেছেন। পরবর্তীতে তার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছিল। আর এখন সেনাবাহিনীর নামে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক আইডি খুলে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আব্দুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিএনপি-জামায়াতের এই ধরনের ষড়যন্ত্র নতুন নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মিথ্যা ক্যু-এর নামে তথাকথিত সামরিক ট্রাইব্যুনালে প্রহসনের বিচারে শত শত মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও হাজার হাজার সেনা সদস্যকে হত্যা করেছিলেন। প্রতিদিন নাস্তার টেবিলে বসে জিয়াউর রহমান শত শত সেনা সদস্যের ফাঁসির রায় স্বাক্ষর করতেন। বিএনপি-জামায়াত অশুভ জোট সবসময় সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত থেকেছে।

বিবেকের আয়নার সামনে দাঁড়ালে ড. কামাল হোসেন নিজের পাশে ইয়াহিয়া খানকে দেখতে পারবেন এমন মন্তব্য করেন আব্দুর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন প্রমুখ।