খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে ‘মুজিববর্ষ’ সফল হবে না :ফখরুল

বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলাদেশে কোনো উত্সব সফল হবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। তাকে কারাগারে আটক রেখে কোনো বর্ষই এখানে সফল হবে না।

গতকাল শনিবার সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবিসহ নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতার যে সংগ্রাম, এর মূল চেতনাটা ছিল গণতন্ত্রের সংগ্রাম এবং এটাকে কেন্দ্র করেই দীর্ঘকাল ধরে আমাদের স্বাধীনতার দাবি উঠেছে, স্বাধিকার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, তারই পরিণতি হিসেবে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একাত্তরের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন, এরপর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। শুধু এক ব্যক্তি বা একটি গোষ্ঠী বা একটি দল কিন্তু এই স্বাধীনতার দাবিদার হতে পারে না। সমগ্র বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে এই স্বাধীনতার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে।

‘মুজিব জন্মশত বর্ষ’ উপলক্ষ্যে ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ভারতে এনআরসি-এসএসির পরে এরই মধ্যে দিল্লিতে যে সহিংস ঘটনা ঘটে গেল, তার যে প্রভাব সমাজে পড়েছে, এর মধ্যে নরেন্দ্র মোদির এখানে আসাটা কতটুকু সমীচীন, শোভনীয় হবে এটা তারাই বিচার করবেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা-১০ আসনে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম নবীন গণতন্ত্রের জন্য সংগ্রামী একজন নেতা এবং ধানমন্ডি বিএনপির সভাপতি। তিনি দীর্ঘকাল রাজনীতি করেছেন এবং এলাকায় তিনি যথেষ্ট জনপ্রিয় একজন মানুষ। তিনি তার যোগ্যতা প্রমাণ করে জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন ইনশাআল্লাহ।’ এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা দক্ষিণ মহানগরের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি নবী উল্লাহ নবী প্রমুখ উপস্থিত ছিলেন।