ভালুকায় ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেফতার

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ক্যাপ্টেনের ভুয়া আইডি কার্ডসহ আরাফাত শেখ অভি নামে এক সেনাসদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মাস্টারবাড়ী এলাকার একটি হোটেল থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত সেনাসদস্যকে আটক করে পুলিশ। ঐ ছাত্রী ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে ঐ সেনাসদস্যকে আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, আরাফাত শেখ অভি ভালুকা পৌরসভা ভান্ডাব গ্রামের শেখ শফিউদ্দিনের ছেলে। দুই মাস আগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক ছাত্রীর সঙ্গে তার ঘটকের মাধ্যমে পরিচয় হয়। ঐ সময় আরাফাত নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মেয়ের পরিবার জানতে পারে যে ঐ ছেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন নয়। সে একজন সেনাসদস্য।

বৃহস্পতিবার ঐ মেয়েটিকে ভুল বুঝিয়ে ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার একটি আবাসিক হোটেল নিয়ে আসে। সেখানে তাকে ধর্ষণের পর একটি ভিডিও ধারণ করা হয়। তখন কৌশলে কলেজ ছাত্রী নিজের ঠিকানা ক্ষুদেবার্তার মাধ্যমে বড়ো বোনের স্বামীকে জানান। ৯৯৯ কল দিয়ে বিষয়টি জানালে ঘটনার দিন সকালে ভালুকা মডেল থানার পুলিশ ঐ হোটেল থেকে মেয়েটিকে উদ্ধার করে। একই সঙ্গে আরাফাতকেও আটক করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনউদ্দিন জানান, সেনাবাহিনীকে বিষয়টি অবগত করা হয়েছে। আরাফাতকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।