শ্যালক-দুলাভাইসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : বিরলে অ্যাম্বুলেন্সচাপায় রাব্বী (২৩) ও লাবু (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ জনতা ঘাতক অ্যাম্বুলেন্সটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল দিনাজপুর-বোঁচাগঞ্জ সড়কের বিরল উপজেলার তেঘরা বাজারদিঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাব্বী বিরল উপজেলার তেঘরা মহেশপুর গ্রামের মতিউর রহমানের ছেলে এবং লাবু একই উপজেলার চককাঞ্চন নতুনপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও নামক স্থানে গতকাল মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালকসহ দুই জন নিহত ও অপর ছয় আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) : বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় চুন্নু মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এসময় তার ছেলে এবং নাতনি গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি বরগুনা সদর থানার নলি চরকগাছিয়া গ্রামে। শুক্রবার মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে বালুবাহী ট্রাক্টর ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। গতকাল বলদিপুর শাহ আমানত ফিলিং স্টেশনসংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক সোলায়মান আলম ছল্লু (৪০) পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গুচ্ছ গ্রামের বাসিন্দা।